নিজস্ব প্রতিবেদক, খুলনা :
খুলনা মহানগরীর বয়রা আজিজের মোড় এলাকায় পারিবারিক কলহের জেরে পাপিয়া (২৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে মেম্বার বাড়ি সংলগ্ন শেখ রেজার ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত পাপিয়া খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আউটসোর্সিং কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামীর নাম রিপন। জানা গেছে, তাদের গ্রামের বাড়ি বরিশালের রানাপাশা এলাকায়।
স্থানীয় ও বাড়ির মালিক সূত্রে জানা যায়, প্রায় দুই দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার বিকেল থেকে পাপিয়ার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন জানালার ফাঁক দিয়ে তাকে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার পর থেকে নিহতের স্বামী রিপন পলাতক রয়েছেন। বাড়ির মালিক জানান, রিপনকে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ঘটনাস্থলে আসেননি।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।