স্টাফ রিপোর্টার:
খুলনা সাহিত্য সংস্কৃতি সংস্থা (খুসাস)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষ উদযাপন উপলক্ষে আজ সন্ধ্যায় খুলনার ঐতিহ্যবাহী উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুসাসের উপদেষ্টা, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। তিনি বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও ন্যায়বিচারের এক অনন্য প্রতীক। তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাহিত্য-সংস্কৃতির বিকাশের কোনো বিকল্প নেই।"
তিনি আরও বলেন, "যে সমাজে সাহিত্য ও সংস্কৃতির চর্চা সমৃদ্ধ হয়, সেই সমাজ থেকেই অন্যায়, কুসংস্কার ও অপসংস্কৃতি দূর হয়। তাই আগামী প্রজন্মকে একটি মানবিক, আলোকিত ও দেশপ্রেমিক জাতি হিসেবে গড়ে তুলতে সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে।"
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ সম্মানিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা ও প্রতিবাদের চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে নজরুল সংগীত, আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে খুসাসের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।