স্ট্যাফ রিপোর্টার, মো: মোশারেফ হোসেন।
খুলনা উন্নয়ন ফোরামের উদ্যোগে খালিশপুর শিল্পাঞ্চলের বাবুস সালাম জামে মসজিদে এক আলোচনা সভা, ইফতার মাহফিল ও ভাষা সৈনিক, নাগরিক নেতা এবং বাবুস সালাম জামে মসজিদ কমিটির সেক্রেটারি মরহুম লোকমান হাকিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা উন্নয়ন ফোরামের উপদেষ্টা, কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। তিনি তাঁর বক্তব্যে মরহুম লোকমান হাকিমের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বলেন, সমাজ ও মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে তিনি সবসময় সমাজ উন্নয়নে কাজ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
খুলনা উন্নয়ন ফোরামের মহাসচিব সাংবাদিক আসিফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার বজ্রকণ্ঠ পত্রিকার সম্পাদক রেজাউল করিম বাবুল এবং সিনিয়র সাংবাদিক গোলাম কিবরিয়া আশা।
এসময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক মুনসুর আলী বাবলু, মোঃ রফিকুল ইসলাম, ইফতেখার আহমেদ, রবিউল ইসলাম ও মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা মরহুম লোকমান হাকিমের বর্ণাঢ্য জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন সৎ, সাহসী ও মানবিক মানুষ। সমাজের উন্নয়ন এবং মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করেছেন।
আলোচনা শেষে মরহুম লোকমান হাকিমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সামাজিক ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।