খুলনা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে রুপসী বাংলা টিভি ও দৈনিক খুলনার সমাচার এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই আয়োজনে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন আয়োজক ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক খুলনার সমাচারের সম্পাদক ও প্রকাশক মো: জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক খুলনার সমাচারের নির্বাহী সম্পাদক ও রুপসী বাংলা টিভির স্টাফ রিপোর্টার তানভীর আহমেদ তপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি-সাহিত্যিক শেখ আবু আসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী, ব্যবসায়ী ও সমাজসেবক শেখ মোস্তাক আহমেদ, দেয়ানা মোহাম্মাদীয়া মাদ্রাসা ও এতিমখানার সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আবু জাফর, সাংবাদিক এনাম ও সাংবাদিক রাজু আহমেদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মো: জাহাঙ্গীর হোসেন বলেন,
“ঈদ আনন্দের উৎসব হলেও সমাজে অনেক মানুষ আছেন যারা অভাবের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হন। তাদের মুখে সামান্য হাসি ফোটানোর উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।”
প্রধান অতিথি শেখ আবু আসলাম বাবু বলেন,
“মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত মানবতা। দৈনিক খুলনার সমাচার ও রুপসী বাংলা টিভির এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বিশেষ অতিথি শেখ মোস্তাক আহমেদ বলেন,
“ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সামাজিক উদ্যোগ খুবই প্রয়োজন। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব।”
আলহাজ্ব শেখ আবু জাফর বলেন,
“মানবসেবাই বড় ইবাদত। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে পারি।”
অনুষ্ঠান শেষে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অতিথিরা আয়োজকদের এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এদিকে একই উপলক্ষে দৈনিক খুলনার সমাচারের সম্পাদক ও প্রকাশক মো: জাহাঙ্গীর হোসেনের সহধর্মিণী নিজ বাসভবনে ব্যক্তিগত উদ্যোগে এলাকার প্রায় ১০০ জন অসহায় নারী-পুরুষের মাঝে শাড়ি, থ্রি-পিস ও লুঙ্গি বিতরণ করেন। ঈদের আগে নতুন পোশাক পেয়ে উপকারভোগীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে এবং তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা বলেন, এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবতার দৃষ্টান্ত স্থাপন করে। ঈদের আগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী উদ্যোগকে তারা অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন।