এস.এম.শামীম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় নেশা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে। এতে গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন মোঃ আলামিন মোল্যা (৩০) নামের এক ব্যক্তি। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে দিঘলিয়া থানাধীন ০৪নং সেনহাটি ইউনিয়নের সেনহাটি গ্রামে জাকারিয়া মাদ্রাসার পূর্ব গেটের সামনে।
আহত আলামিন মোল্যা সেনহাটি গ্রামের জলিল মোল্যার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নেশা করাকে কেন্দ্র করে আলামিনের সঙ্গে তার দুই বন্ধু রবিউল ইসলাম (২৫) ও মৃদুল (২৭)-এর বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তারা আলামিনের বাম হাতের কব্জির উপরে ধারালো চাকু দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন।
অভিযুক্ত রবিউল ইসলাম সেনহাটি গ্রামের সিদ্দিক মাঝির ছেলে বলে জানা গেছে। অপর অভিযুক্ত মৃদুলের পিতার নাম জানা যায়নি।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত আলামিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে দিঘলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।