শেখ রাজু আহমেদ, ব্যুরো প্রধান:
খুলনার বটিয়াঘাটা উপজেলার ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের ঢালিয়ামারা গ্রামে দায়েরকৃত একটি মামলাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রামবাসী মোঃ আব্দুল শাকুর (৪০) ও হুমায়ুন বিশ্বাস (৫০)-এর বিরুদ্ধে গত ১ জুন ২০২৬ তারিখে পেনাল কোর্টে যে মামলা দায়ের করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক।
মামলায় দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬, ৩২৩, ৩২৫, ৩৫৪, ৩৭৯, ১১৪ ও ৫০৬ ধারাসহ একাধিক অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আজ বিকাল ৩টায় ঢালিয়ামারা গ্রামের সাধারণ জনগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধিরা একত্রিত হয়ে একটি বিশাল মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ব্যক্তিগত স্বার্থ হাসিল ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। তারা বলেন, এ ধরনের অপচেষ্টা শুধু ব্যক্তি নয়, পুরো এলাকার সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করছে। অবিলম্বে মামলাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং হয়রানিমূলক অভিযোগ প্রত্যাহারের দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন—
১. মোঃ আব্দুল হাই, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বটিয়াঘাটা উপজেলা।
২. মোঃ নাসির উদ্দীন সেখ, সাবেক যুগ্ম আহ্বায়ক, ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি।
৩. মোঃ লিটন সেখ, যুবদল নেতা।
৪. মোঃ মিঠু বিশ্বাস, সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “মিথ্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে কোনো নিরপরাধ ব্যক্তিকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার সুযোগ দেওয়া যাবে না। আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জোর দাবি জানাচ্ছি। যদি দ্রুত সময়ের মধ্যে এই অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তি না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।”
মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে মামলার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধন শেষে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি সমাপ্ত করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এলাকাবাসীর দাবি, আইনকে ব্যবহার করে কাউকে হয়রানি নয়, বরং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।