নিজস্ব প্রতিবেদক, খুলনা:
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি-র ২৩ বছর পূর্তি ও ২৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে খুলনা প্রেসক্লাবে এক আনন্দঘন কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এনটিভির খুলনা বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু তৈয়ব-কে কেক খাইয়ে শুভেচ্ছা জানান সাহিত্যিক ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। এ সময় উপস্থিত অতিথি, সাংবাদিক, সাহিত্যিক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন অর রশিদ, খুলনার পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরের আমীর অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, বাংলাভিশনের খুলনা ব্যুরো প্রধান মো. আতিয়ার পারভেজ, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মিজানুর রহমান মিল্টন, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক রোটারিয়ান সর্দার আবু তাহের, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, সাংবাদিক হাসান মোল্লা, কবি নাজমুল তারেক তুষারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, এনটিভি দীর্ঘ ২৩ বছর ধরে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। সংবাদ, সংস্কৃতি, শিক্ষা, বিনোদন ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে চ্যানেলটি দর্শকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
তারা আরও বলেন, সত্য, সাহস ও পেশাদারিত্বের ধারাবাহিকতায় এনটিভি আগামী দিনেও দেশের গণমাধ্যমকে নেতৃত্ব দেবে এবং মানুষের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশাই সবার।
অনুষ্ঠানের শেষে এনটিভির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও শুভকামনা জানানো হয়।