টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ঐতিহ্যবাহী পাথরাইল বাজারকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাজার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ পৃথিবী’র উদ্যোগে আজ শনিবার এই বিশেষ কর্মসূচি পালিত হয়।
ক্যাম্পেইন চলাকালে বাজারের দোকানদার, ক্রেতা-ভোক্তা এবং স্থানীয় ছাত্র-ছাত্রীদের মাঝে প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি করা হয়। পলিথিনের মারাত্মক দূষণ থেকে পরিবেশকে রক্ষা করতে এর ব্যবহার পরিহার করার আহ্বান জানান আয়োজকরা। সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এ সময় সর্বসাধারণের মাঝে লিফলেট এবং পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি মো. আজিজ চাঁন খাঁ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোঃ মোঃ মাহবুবুর রহমান, পাথরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ লিটন, পাথরাইল বাজার বনিক সমিতির সভাপতি আলী রেজা, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, নিরাপদ সমাজ সংস্থার নির্বাহী পরিচালক জয়দেব গোপ, পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক সেবা সংগঠন, যোজনা, সুফলাসহ স্থানীয় বিভিন্ন সংগঠন, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও শিক্ষার্থীরা।
সবুজ পৃথিবীর উপদেষ্টা রঘুনাথ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন সবুজ পৃথিবী দেলদুয়ার শাখার সভাপতি ও সামাজিক সেবা সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার কর্মকার। আয়োজকরা জানান পাথরাইল বাজারকে পরিস্কার পরিচ্ছন্ন বাজার হিসেবে গড়ে তুলতে আমরা বিভিন্ন জায়গায় ডাস্টবিন দিবো এবং এই কর্মসূচি নিয়মিত চলবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই ধরনের নিয়মিত উদ্যোগ ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে পাথরাইল বাজার অচিরেই একটি সম্পূর্ণ পরিচ্ছন্ন ও পলিথিনমুক্ত বাজার হিসেবে আত্মপ্রকাশ করবে।