এস.এম.শামীম, দিঘলিয়া।।
খুলনার দিঘলিয়ায় ইঞ্জিনচালিত ভ্যানের কিস্তির টাকা পরিশোধকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে।
এতে দুইজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে দিঘলিয়া থানাধীন ৪ নম্বর সেনহাটি ইউনিয়নের হাজীগ্রামে এ ঘটনা ঘটে।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হাজীগ্রামের দেলোয়ার হোসেন মোল্লার ছেলে মুরাদ মোল্লা (৩৫) ও মো. সবুজ মোল্লা (৪০) এবং তাদের মা তহুরা বেগমের সঙ্গে মুরাদ মোল্লার শ্বশুর নড়াইল জেলার নড়াগাতী থানার বাউলি গ্রামের মোশাররফ শেখের ছেলে খাজা শেখ (৫৫) ও তার ছেলে আজিম শেখের (২৫) মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে।
এতে খাজা শেখ ও আজিম শেখ আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতরা দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পরে তারা দিঘলিয়া থানায় গিয়ে ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দিয়ে চলে যান।
স্থানীয় সূত্র ও অভিযোগে আরও জানা যায়, প্রায় পাঁচ বছর আগে খাজা শেখের মেয়ে জেসমিন খাতুন (২৫) ও মুরাদ মোল্লা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর গত প্রায় এক বছর মুরাদ মোল্লা তার স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি নড়াইলে বসবাস করছিলেন। এ সময় খাজা শেখ জামাই মুরাদকে একটি ইঞ্জিনচালিত ভ্যান কিনে দেন বলে জানা গেছে। ভ্যানটির জন্য প্রতি সপ্তাহে ১ হাজার ১০০ টাকা করে কিস্তি পরিশোধ করতে হয়।
অভিযোগে বলা হয়েছে, প্রায় ১০-১২ দিন আগে মুরাদ মোল্লা শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি দিঘলিয়ায় চলে আসেন। এরপর ভ্যানের কিস্তির টাকা পরিশোধের বিষয় নিয়ে মুরাদের সঙ্গে তার শ্বশুর ও শ্যালকের বিরোধ সৃষ্টি হয়। রোববার বিকেলে খাজা শেখ ও তার ছেলে আজিম শেখ মুরাদের বাড়িতে গিয়ে কিস্তির টাকা নিয়ে কথা বলার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা মারামারিতে রূপ নেয়।
এ ঘটনায় আহতদের পক্ষ থেকে দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।