নিজস্ব প্রতিবেদক :
খুলনার দৌলতপুরে সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ২ নম্বর গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মহিদুল (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রকাশ্য স্থানে এ ধরনের গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
আহত মহিদুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন কাশীপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম শওকত খাঁ। স্থানীয় সূত্রে জানা গেছে, মহিদুল তেলের গাড়িতে কাজ করতেন। তার স্থায়ী বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার চৌগাছা এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহিদুল বিএল কলেজের ২ নম্বর গেটসংলগ্ন ফাঁকা এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মহিদুল চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এ সময় হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ, গুলিবর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় কিংবা হামলার নেপথ্যে কোনো বিরোধ রয়েছে কি না—তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে হামলার প্রকৃত কারণ উদঘাটনে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
সকালের ব্যস্ত সময়ে কলেজের ২ নম্বর গেট এলাকায় গুলির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, জনবহুল এলাকায় এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে এলাকায় নিয়মিত পুলিশি টহল ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় দৌলতপুর এলাকায় কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।