October 27, 2026, 1:43 pm
শিরোনাম:
নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

দিঘলিয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নিরাপত্তায় সিসিটিভি স্থাপনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

 

এস.এম.শামীম, দিঘলিয়া:
খুলনার দিঘলিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মাহবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো:শফিকুল ইসলাম, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অরূপ কুমার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হুসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সোহাগ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ খানম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সাইদা খাতুন, দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত ও সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ ছাড়া জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য দিলীপ দাস, দিঘলিয়া ফায়ার সার্ভিসের প্রতিনিধি আব্দুল আজিজ, পল্লী বিদ্যুতের প্রতিনিধি কামাল হোসেন, ওজোপাডিকোর প্রতিনিধি আশরাফুল ইসলামসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করবে। যেকোনো প্রয়োজনে পূজা উদযাপন কমিটিগুলোকে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে ইউএনও বলেন, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা সচল রাখতে হবে। পূজাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা গুজব ছড়ানোর চেষ্টা নজরে এলে দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে। পূজা উদযাপন-সংক্রান্ত জরুরি যোগাযোগ ও সমন্বয়ের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপও করা হয়েছে বলে তিনি জানান।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ অরূপ কুমার চৌধুরী বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। প্রতিটি মন্দিরের সংশ্লিষ্টদের পুলিশ কর্মকর্তাদের যোগাযোগ নম্বর সরবরাহ করা হবে, যাতে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত পুলিশের সহায়তা নেওয়া যায়।

পূজাকালীন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি জানান।
দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটিগুলো প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

তিনি পূজা উদযাপনে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হুসাইন সভায় জানান, দুর্গাপূজা উপলক্ষে সরকারি বরাদ্দ হিসেবে মন্দিরগুলোর জন্য ৬০০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষা, মণ্ডপের নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, বিদ্যুৎ ব্যবস্থাপনা এবং পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতিদের হাতে বরাদ্দের ডিও লেটার (বরাদ্দপত্র) তুলে দেন।