খুলনা প্রতিনিধি: খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদণ্ড পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিবিএ কোর টিমের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-১-এর সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার নগরীর বয়রাস্থ বিআইএম ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
মনিটরিং স্ট্যান্ডার্ড সেশনের অংশ হিসেবে আয়োজিত এ সভায় ২০টি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি (স্কুল ম্যানেজমেন্ট কমিটি) সদস্যরা অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত পর্যবেক্ষণ কার্যক্রম চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহজাহান। তিনি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসম্মত পরিবেশ, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, পর্যাপ্ত খেলার মাঠ ও খেলার সামগ্রীর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় শিক্ষকবৃন্দ তাদের নিজ নিজ বিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে বিভিন্ন চাহিদা তুলে ধরেন। প্রধান অতিথি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং পর্যায়ক্রমে বিদ্যালয়গুলোর সার্বিক সুযোগ-সুবিধা উন্নয়নের আশ্বাস দেন। তিনি ওয়ার্ল্ড ভিশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ আয়োজনের মাধ্যমে বিদ্যালয়গুলোর বাস্তব চাহিদা সম্পর্কে জানা সম্ভব হয়েছে, যা সময়োপযোগী ও প্রয়োজনীয়।
সভা পরিচালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার বিকাশ বিশ্বাস।
বক্তারা জানান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-১ এ অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের মানোন্নয়ন ও শিশু কল্যাণ নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে। শিশুদের জন্য আনন্দঘন ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের পর্যবেক্ষণ সভা আয়োজন করা হয়েছে। আলোচনার ভিত্তিতে পরবর্তীতে আরও কার্যক্রম গ্রহণ করা হবে বলেও জানান তারা।