খুলনা প্রতিনিধি :
শিশু সুরক্ষা নিশ্চিত করা এবং শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “সিটিজেন ভয়েস এন্ড অ্যাকশন (CVA)” বিষয়ক একটি প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৩টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এপিসিও’র সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, একটি উন্নত জাতি গঠনে শিশুদের সুরক্ষা ও তাদের অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পরিবার, সমাজ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি শিশুদের শিক্ষা, পুষ্টি ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিশু সুরক্ষায় গৃহীত যেকোনো উদ্যোগে খুলনা মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ম্যানেজার সুরভী বিশ্বাস। তিনি “সিটিজেন ভয়েস এন্ড অ্যাকশন” কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য এবং বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরেন। পাশাপাশি এ কার্যক্রমে পুলিশ ও সাধারণ মানুষের ভূমিকার বিষয়েও আলোকপাত করেন।
সভাপতির বক্তব্যে ফুলি সরকার বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ সবসময়ই ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও শিশু সুরক্ষায় যৌথ উদ্যোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম. এম. শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।