দৌলতপুর থানা প্রতিনিধি,মো: শরিফুল হোসেন :
খুলনার রেলিগেট–মানিকতলা সড়কের মাঝামাঝি, হামিদা মঞ্জিল সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, “রয়েল পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাস ফুলবাড়ী গেট দিক থেকে দ্রুতগতিতে আসছিল। একই সময়ে দৌলতপুর দিক থেকে একটি মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী ফুলবাড়ীগেটের দিকে যাচ্ছিলেন।
হঠাৎ করেই হামিদা মঞ্জিল সংলগ্ন ওই এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দু’জনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে স্থানীয়রা।
দুর্ঘটনার পরপরই বাসের চালক, হেলপারসহ সংশ্লিষ্ট সকল স্টাফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত “রয়েল পরিবহন” বাসটি আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।