ঝিনাইদহ জেলা প্রতিনিধি, গুলশানারা আক্তার :
ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন—মিজানুর রহমানের ছেলে কিশোর আরিফ এবং একই গ্রামের শিপন আহমেদের ছেলে সোহান।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় তারা একটি মাহেন্দ্র গাড়িকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে। ঠিক সেই সময় সামনে দিক থেকে আসা একটি বালিবোঝাই ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা চালালেও ততক্ষণে সব শেষ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন।
প্রশাসনের প্রতি আহ্বান, সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং চালকদের সচেতনতা বৃদ্ধির উদ্যোগ এখন সময়ের দাবি।
এই দুর্ঘটনা আবারও প্রমাণ করলো—এক মুহূর্তের অসতর্কতা কেড়ে নিতে পারে তাজা দুটি প্রাণ।