মোঃ মোশারফ হোসেন খান
খানজাহান আলী থানা প্রতিনিধি, খুলনা
খুলনা মহানগর আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় আফিলগেট এলাকায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মীর কায়ছেদ আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শুকুর, খানজাহান আলী থানা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক শিরিন আক্তার।
৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ নাসির উদ্দিন-এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ডে নাইট কলেজের সাবেক ভিপি মহিউদ্দিন, মীর শাহাজাহান, অধ্যাপক শেখ ওহিদুজ্জামান, ইসমাইল হোসেন বাবু, জাহিদুল ইসলাম, সাবেক এজিএস এস কে রুনা, শাফি মেম্বার, রবিউল ফকির, শেখ রবিউল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি মীর কায়ছেদ আলী তার বক্তব্যে বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন দেশের ইতিহাসের এক আপসহীন ও সাহসী নেত্রী। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার জানাজায় যে বিপুল জনসমাগম হয়েছিল, তা প্রমাণ করে—তিনি শুধু একটি দলের নেত্রী নন, তিনি ছিলেন এ দেশের মানুষের হৃদয়ের নেত্রী। এই উপস্থিতি দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
প্রধান বক্তা তরিকুল ইসলাম জহির বলেন,
“খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমে ভরপুর। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে তার নেতৃত্ব বিএনপিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে। আজ আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার আদর্শ বাস্তবায়নের শপথ নিচ্ছি।”
অন্যান্য বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে ভূমিকা রেখে গেছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।