আক্তার হোসেন বাবলু
স্ট্যাফ রিপোর্টার্র,
খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল আজ দুপুরে খুলনা নগরীর দৌলতপুর থানার ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভাবনীয় সাড়ায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
গণসংযোগ শেষে রকিবুল ইসলাম বকুল বলেন,
“মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে তারা ধানের শীষকেই বিজয়ী করবে—এই বিশ্বাস আজ আরও দৃঢ় হয়েছে।”
তিনি আরও বলেন,
“আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে বন্ধ হয়ে যাওয়া পাটকলসহ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বেকারত্ব দূরীকরণ, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং দৌলতপুরসহ খুলনা-৩ আসনের সার্বিক উন্নয়নই হবে আমার প্রধান অগ্রাধিকার।”
এ সময় তিনি বর্তমান পরিস্থিতির সমালোচনা করে বলেন,
“একদলীয় শাসনের কারণে শিল্পাঞ্চল খুলনা আজ ধ্বংসের মুখে। পাটকল বন্ধ করে হাজার হাজার শ্রমিককে বেকার করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে শিল্পনগরী খুলনার হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করা হবে।”
গণসংযোগে দৌলতপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ওয়ার্ড নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।